খেঁদ - বনফুল

তখন সবে সন্ধা। —মালতী ঘরে এসে প্রদীপটা জ্বালতেই তার স্বামী বলে উঠল— ‘লতি...আমি একটা নাম ঠিক করেছি।’

কি?

ওই যে তুমি বল্লে—কি ৷

তার মানে ?

ইংরিজি key মানে চাবি আর বাঙলা 'কি'-একটা প্রশ্ন। মেয়ে মানুষের পক্ষে বেশ মানানসই নাম হবে।

এখন কোথায় কি তার ঠিক নেই—এখন থেকেই নামকরণ । আর আমার মেয়েই হবে তুমি জানলে কি করে ? ও জ্যোতিষীর কথায় আমার একটুও বিশ্বাস নেই।

না-না ঠিক মেয়ে হবে-দেখো তুমি। আমাদের শ্যামবাবু জাগ্ৰত জ্যোতিষী!

ধর যদি মেয়েই হয়—তা বলে ওই নাম রাখতে হবে ? কত সব ভাল নাম আছেー

যথা—শরৎশশী, নিভাননী, ইন্দুবালা, প্ৰভা, প্ৰতিভা, সুধা, আশালতা—এই সব ত ?

সব বাজে—পুরানো, সেকেলে, এক ঘেয়ে! আমার মেয়ের নাম হবে একেবারে নতুন।

মালতীর প্রসব হবার দুমাস পূর্বে তার স্বামী কলেরায় মারা গেল। প্রসব হতে গিয়ে মালতীও মারা গেল। জ্যোতিষীর কথা ফলেছিল—মালতীর মেয়েই হয়েছিল। সে এখন তার মামার বাড়ী সোনারপুরে মানুষ হচ্ছে । তারা তার নাম রেখেছেন ‘খেঁদি!’

0 comments:

Post a Comment

[বি:দ্র: এই সাইটের বেশির ভাগ লেখা ছোটদের জন্য, তাই দয়া করে এমন মন্তব্য করবেন না যাতে করে আমাদের ক্ষুদে পাঠকদের মানসিকতার উপর বিরূপ প্রভাব পড়ে। ধর্ম নিয়ে কিংবা এমন কোন স্পর্শকাতর বিষয় নিয়ে মন্তব্য না করার জন্য অনুরোধ রইল। যদি গল্পটি ভালোলোগে তবে নিশ্চয় মন্তব্য করুন, আপনার সুগভীর মন্তব্য অন্যকে গল্পটি পড়তে অনুপ্রাণিত করবে। ] ধন্যবাদ